মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৮, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার নরসিংহপুর এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সানীর মাদক স্পট হিসেবে পরিচিত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা পুলিশের চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানাধীন নরসিংহপুর এলাকায় বিশেষ এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মোট ৪২ জনকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমান জানান, নারায়ণগঞ্জে মাদক নির্মূলকে আইনশৃঙ্খলা রক্ষার অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। মাদক বিক্রির স্পট চিহ্নিত করে সেখানে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কোনো এলাকায় মাদকের আখড়া গড়ে উঠতে দেওয়া হবে না। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা মাদক সংশ্লিষ্টতার অভিযোগে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ শামীম আহমেদ, ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।