সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ছিনতাইয়ের ঘটনায় যুবক নিহত, অন্যতম আসামি তাফসীর গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৯, ২১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ছিনতাইয়ের ঘটনায় যুবক নিহত, অন্যতম আসামি তাফসীর গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার ঘটনায় মামলার অন্যতম আসামি তাফসীরকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বন্দর থানাধীন প্রধান ফিলিং স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-১১।

গ্রেপ্তারকৃত আসামু তাফসীর (২৩) নারায়ণগঞ্জের আলীনগর এলাকার শফি উদ্দিনের ছেলে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বন্দর থানাধীন আলীনগর এলাকার আকরাম সাহেবের লবণ ফ্যাক্টরির সামনে মো. টুটুল (২৮) নামে এক যুবককে তাফসীরসহ তার সহযোগীরা অস্ত্রের মুখে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে যায়।

পরে সেখানে টুটুলকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তার বুকের মাঝখানে চাকু দিয়ে আঘাত করা হয় বলে র‌্যাবের ভাষ্য। এ সময় তার কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যায় অভিযুক্তরা।

গুরুতর আহত টুটুলকে স্থানীয়দের সহায়তায় প্রথমে বন্দর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট রাত ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তাফসীরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।

গ্রেফতার তাফসীরকে বন্দর থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।