মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮৮

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৯, ২২ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮৮

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবীসহ বিভিন্ন মামলার মোট ৮৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, অভিযানে ৭ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ৬৫ জন মাদকসেবী, অন্যান্য আইনে ১৭ জন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় পুলিশ। 

পুলিশের জানায়, নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী, দুইজন মাদকসেবী এবং অন্যান্য আইনে ১১ জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার অভিযানে সবচেয়ে বেশি ৪৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৪২ জন মাদকসেবী এবং অন্যান্য আইনে পাঁচজন রয়েছেন। এর আগে একই দিন নরসিংহপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছিল পুলিশ।

বন্দর থানার অভিযানে অন্যান্য আইনে একজন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের একজন সদস্যসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

রূপগঞ্জ থানার অভিযানে ছয়জন মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য এবং অন্যান্য আইনে ছয়জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য ও অন্যান্য আইনে একজনসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁও থানার অভিযানে তিনজন মাদকসেবী এবং ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট নয়জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া আড়াইহাজার থানার অভিযানে অন্যান্য আইনে আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমান জানান, মাদক নির্মূল, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।