শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪০, ২১ আগস্ট ২০২৬

ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর রেললাইনের পশ্চিম পাশে নূরে আলম সিদ্দিকের টিনশেড বাড়ির সামনের দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার পায়াতলি এলাকার মৃত নুর হোসেনের মেয়ে ও জুয়েলের স্ত্রী সালেহা বেগম (৪০), নারায়ণগঞ্জ শহরের খানপুর কলেজ রোড এলাকার আবদুল কাদেরের ছেলে সাহেদ কাদের (২১) এবং শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার পায়াতলি এলাকার জুয়েলের ছেলে সুজন (১৯)। তারা বর্তমানে ফতুল্লার ইসদাইর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কক্ষ থেকে তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।