বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সড়ক সংস্কার কাজে ধীরগতি, ঠিকাদারকে এমপি কালামের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২২, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সড়ক সংস্কার কাজে ধীরগতি, ঠিকাদারকে এমপি কালামের চিঠি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৫ আসনের বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্টেশন থেকে মোগড়াপাড়া ডিগ্রি কলেজ পর্যন্ত সড়ক সংস্কারের জন্য কার্যাদেশ জারির পরও কাজ শুরু না করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জনস্বার্থে দ্রুত কাজ শুরু করতে ঠিকাদারকে কঠোর নির্দেশনা দেওয়া অথবা চুক্তি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কাছে পাঠানো এক চিঠিতে এ সুপারিশ করেন তিনি।

চিঠিতে আবুল কালাম জানান, তার নির্বাচনী এলাকার অন্তর্গত বন্দর থানার নবীগঞ্জ বাসস্টেশন থেকে মোগড়াপাড়া ডিগ্রি কলেজ পর্যন্ত সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী প্রকল্প। সড়কটির সংস্কার কাজের জন্য ‘মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে।

তবে কার্যাদেশ পাওয়ার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও সংশ্লিষ্ট ঠিকাদার বিভিন্ন অজুহাতে কাজ শুরু করছেন না বলে চিঠিতে অভিযোগ করা হয়। বর্তমানে সড়কটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, দ্রুত সংস্কারকাজ শুরু না করলে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হয়ে সংস্কারের অনুপযোগী হয়ে পড়তে পারে।

চিঠিতে আরও বলা হয়, প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করছেন। জরাজীর্ণ সড়কের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

এ অবস্থায় জনস্বার্থ বিবেচনায় সড়কটির সংস্কারকাজ দ্রুত শুরু করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা দেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলীর প্রতি সুপারিশ করেন এমপি আবুল কালাম। পাশাপাশি ঠিকাদার কার্যাদেশ অনুযায়ী কাজ শুরু না করলে চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আরো পড়ুন