ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার হিসেবে পুলিশের তালিকাভুক্ত শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’কে (২০) গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ছয়টি লম্বা রামদা উদ্ধারের কথা জানিয়েছে এসআরবি-১১।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে রূপগঞ্জের তারাবো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসআরবি-১১।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- শ্রাবণ ওরফে কু্ত্তা শ্রাবণ (২০) সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)।
এসআরবি-১১ জানায়, শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় কিশোর ও উঠতি বয়সী তরুণদের নিয়ে একটি সংঘবদ্ধ গ্যাং পরিচালনা করে আসছিল। তার নেতৃত্বে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনি হত্যাকাণ্ডের সঙ্গে শ্রাবণ ও তার অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই হত্যাকাণ্ডের পর এলাকাবাসী শ্রাবণের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে বলে জানানো হয়।
এছাড়া মামলা তুলে না নেওয়াকে কেন্দ্র করে শ্রাবণ ও তার গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে রূপগঞ্জের তারাব পৌরসভার টাটকি এলাকায় গভীর রাতে মামলার বাদী আমেনা বেগমের বসতবাড়িতে আগুন দেওয়ার এবং তাকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে।
পুলিশের জদনায়, রূপগঞ্জের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও রয়েছে শ্রাবণ ও তার সহযোগীদের বিরুদ্ধে। তার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন সময়ে সংঘর্ষ, গোলাগুলি ও দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শ্রাবণের বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিসহ মোট ১৮টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

