বিক্ষোভ মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের ডিআইটি এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আবুল কালাম বলেন বলেন, নারায়ণগঞ্জে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।
মিছিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ এবং মহানগর ছাত্রদল নেতা আজীজুল ইসলাম রাজীবসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

