সেমাই কারখানায় জরিমানা
নারায়ণগঞ্জে অনুমোদনহীন, অস্বাস্থ্যকর পরিবেশে ও বিভিন্ন নামে প্যাকেটজাতে সেমাই উৎপাদনের অভিযোগে গ্রামীন ও আনন্দ সেমাই কারখানা নামের দুইটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুতকৃত সেমাই জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার শহীদ নগর এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, র্যাব-১১ ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রামীন সেমাই কারখানা নামের প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায় তারা বিএসটিআইয়ের সিল ব্যবহার করলেও কোন বৈধ অনুমোদনের কাগজপত্র তাদের কাছে নেই। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করছিল কারখানাটি। এর ফলে কারখানাটিকে এক লক্ষ টাকা জরিমানা ও উৎপাদনকৃত সেমাই জব্দ করা হয়।
এছাড়াও আনন্দ সেমাই কারখানার প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে দেখা যায় কারখানাটি বিএসটিআই অনুমোদন থাকলেও নিয়ম বহির্ভূত ভাবে সেমাই উৎপাদন করছে। এর ফলে কারখানাটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও অনুমোদন না থাকায় দুইটি কারখানাকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

