বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে দিনমজুরের মৃত্যু, পল্লী চিকিৎসকের ‘ভুল চিকিৎসার’ অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে দিনমজুরের মৃত্যু, পল্লী চিকিৎসকের ‘ভুল চিকিৎসার’ অভিযোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পল্লী চিকিৎসকের ‘ভুল চিকিৎসায়’ রতন বিশ্বাস (৪৫) নামের এক দিনমজুরের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় খালেক মাতবরের বাড়িতে এ ঘটনা ঘটে।

রতন বিশ্বাস সুনামগঞ্জ জেলার দিরাই থানার চন্নার চর গ্রামের মৃত রোমান্ত বিশ্বাসের ছেলে। তিনি স্ত্রী সন্তানসহ পরিবার নিয়ে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় খালেক মাতবরের বাড়িতে ভাড়া থেকে দিন মজুরের কাজ করতেন।

নিহতের স্ত্রী অনিতা বিশ্বাস জানান, রতন কয়েকদিন যাবৎ অসুস্থ শরীরে দুর্বল ছিলেন। এজন্য সন্ধ্যা ৭টার দিকে বাড়ির কাছের পল্লী চিকিৎসক শরিফুল ইসলামকে ডেকে বাসায় নিয়ে আসি। তিনি রতনকে দেখে একটি ইনজেকশন ও একটি স্যালাইন হাতে পুশ করেন। এর কয়েক মিনিট পরই রতন কান্না করে কাঁপতে থাকেন।

তখন দ্রুত স্যালাইন খুলে ফেলা হয়। এরপর রতনকে তার ছোট ভাই দ্রুত শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে জরুরি বিভাগের চিকিৎসক রতনকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর রতনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আবুল বাশার জানান, চিকিৎসক ধারণা করেছেন, বিষক্রিয়ায় রতনের মৃত্যু হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। এজন্য চিকিৎসক ফতুল্লা থানাকে জানিয়ে ঢাকা মেডিক্যালের মর্গে লাশ রেখে দিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের বাসা থেকে পল্লী চিকিৎসকের দেওয়া ঔষধ জব্দ করা হয়েছে।

তবে পল্লী চিকিৎসককে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।