ফাইল ছবি
নারায়ণগঞ্জসহ দেশের বেশ কিছু জেলায় আজ রাতের মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার এক জরুরি সতর্কবার্তায় জানানো হয়েছে, রাত ১০টার মধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, নারায়ণগঞ্জ ছাড়াও নরসিংদী, কুষ্টিয়া, কুমিল্লা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু কিছু স্থানে এই আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা মাঠ, জলাশয় বা বৈদ্যুতিক খুঁটির নিচে অবস্থান না করতে এবং জরুরি প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, হঠাৎ এই ঝোড়ো হাওয়ার আশঙ্কায় নদীবেষ্টিত নারায়ণগঞ্জের নৌ-যানগুলোকে সাবধানে চলাচল করতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে নোঙর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

