ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তা দেওয়াল নির্মাণ করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে নারী, শিশু ও শিক্ষার্থীসহ চরম দুর্ভোগে পড়েছেন ৪/৫টি পরিবারের মানুষ। বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে তারা দেওয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডের বন্দরের মদনগঞ্জ শান্তিনগর এলাকায়। এ ব্যাপারে ভুক্তভোগী সদ্য প্রবাস ফেরৎ নারী জিয়াসমিন আক্তার বাদী হয়ে বন্দর থানায় প্রতিবেশী মেরাজ ও মঙ্গলি বেগমের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন।
জিয়াসমিন জানান, তার স্বামী একজন রিকশা চালক। তাদের প্রায় তিন শতক জমিতে টিনশেড ঘর নির্মাণ করে দেয় সরকার। সংসারের অভাব দূর করতে তিনি ৮ বছর আগে সৌদি আরব চলে যান। সম্প্রতি দেশে ফিরে দেখেন দেওয়াল নির্মাণ করে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে । দীর্ঘদিন ধরে ৪টি পরিবারের লোকজন এ রাস্তা দিয়ে যাতায়াত করে আসছেন। বন্ধ করে দেওয়ায় ৪টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলে দাবি তার। বিশেষ করে নারী, শিশু ও শিক্ষার্থীদের দেওয়াল টপকে চলাচল করতে হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি ।
আরেক ভুক্তভোগী ইসলাম মিয়া জানান, দেওয়ালের সময় বাধা দেওয়া হয়েছিল। তারা শোনেনি। রাস্তায় দেওয়াল নির্মাণ করায় তাদের চলাচলে বিঘ্ন ঘটছে। রাস্তাটি খুলে দেওয়ার জন্য তারা আজ (বৃহস্পতিবার) বন্দর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করবেন বলে জানান।

